এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

দেশের সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে তা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল রোববার ফলাফল প্রকাশ করা সম্ভব না হলে সোমবারের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা চলছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। তারিখ বলা কঠিন। সঠিকভাবে তারিখ বলতে পারছি না। আগামীকাল রোববার কি ফলাফল প্রকাশ হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৪৮-৭২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশের জন্য চেষ্টা চলছে। রোববার না দিতে পারলে সোমবার দেওয়ার চেষ্টা থাকবে। যেহেতু সোমবারের পরদিন মঙ্গলবার ছুটির দিন (শহীদ বুদ্ধিজীবী দিবস), তাই সোমবারের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা চলছে।’

এর আগে গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে।

ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্ন

এ বছর লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নে (এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী) পরীক্ষা হয়েছে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর করে মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *